সাভারে ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত
ঢাকার সাভারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
সাভার থানার ওসি মহসিনুল কাদির জানান, শুক্রবার সকালে আমিনবাজারের সালেহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ গাজী (৩০) বাগেরহাটের চিতলমারী থানার আডুয়ারন্নী চড়পাড়া গ্রামের চান মিয়ার ছেলে।
ওসি কাদির বলেন, মাছভর্তি ট্রাকটি গাবতলী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাছের ট্রাকের মাথা দুমড়ে-মুচড়ে গেলে এর চালক ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া দুইজন আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
