জয়পুরহাটে ডিসি কার্যালয়ের কর্মচারীর লাশ উদ্ধার
জয়পুরহাটে জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলায় কুজি শহর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জয়পুরহাট সদর থানার ওসি সেলিম হোসেন জানান।
নিহত মাহাতাব উদ্দিন (৫৬) সদর উপজেলার দোগাছি গ্রামের আপিল উদ্দিনের ছেলে।তিনি জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন।
ওসি সেলিম বলেন, বৃহস্পতিবার রাতে মাহাতাব অফিস থেকে বাড়ি ফেরেননি। সকালে কুজি এলাকার রাস্তার পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
