কারেন্ট জাল বিক্রির অপরাধে ব্যবসায়ী দণ্ডিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ ও বিক্রির অপরাধে এক ব্যাবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৮এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.তাজুল ইসলাম জানান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বৃহস্পতিবার বিকালে উপজেলার তারাশী গ্রামে এ অভিযান চালান।
দণ্ডিত আলম মৃধা (৬০) ওই গ্রামের ব্যাপারীপাড়া এলাকার নেহালউদ্দিন মৃধার ছেলে।
তাজুল বলেন, আলম দীর্ঘদিন ধরে স্থানীয় ঘাঘর বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালিয়ে চার লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় কারেন্ট জাল বিক্রি ও মজুদের অপরাধে আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে নিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে এ র্যাব কর্মকর্তা জানান।
