শাবিতে ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ১৫২ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসাইন জানান।
তিনি বলেন, এবারের ভর্তি কমিটিতে স্কুল অব লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শামসুল হক প্রধানকে সভাপতি এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সদস্য সচিব করে মোট ২৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. শামসুল হক প্রধান বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।
“কমিটির সদস্যরা ইতোমধ্যে ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। সেশনজট দূর করতে জানুয়ারির প্রথম থেকেই নতুন বর্ষের ক্লাস শুরু করতে চেষ্টা করবো। সেজন্য এবার আগেই ভর্তি পরীক্ষা হবে।”
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www. sust.edu/admission) এ জানা যাবে।
