২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আরও দুইজনের গুলিবিদ্ধ লাশ

যশোর সদর উপজেলার অজ্ঞাতপরিচয় আরও দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ বলেছে, ডাকাত দলের ‘নিজেদের গোলাগুলিতে’ তারা নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 09:42 AM

Updated : 19 Aug 2022, 02:23 PM

বুধবার ভোরে সদর উপজেলার কানাইতলা এলাকার যশোর-মণিরামপুর সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে যশোর কোতয়ালি থানার এসআই কাইয়ুম মুন্সীর ভাষ্য।

নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছ। তাদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

এসআই কাইয়ুম বলেন, কানাইতলায় সড়কের যাত্রী ছাউনির পাশে একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ সেখানে অভিযানে যায়।

“এরপর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুটো লাশ পড়ে থাকতে দেখি। পাশেই হাসুয়া, করাত, কিছু রশি ও স্যান্ডেল ছিল।”

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, “পুলিশ দুইজনকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল। তাদের একজনের পরনে চেক লুঙ্গি ও শার্ট, অন্যজনের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি ছিল। বয়স আনুমানিক ৩৫ ও ৪৫ বছর।”

এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই কাইয়ুম।

যশোরে প্রায় দিনই গুলিবিদ্ধ লাশ মিলছে এবং মৃতদেহের পাশে অস্ত্র ও মাদক পাওয়া যাচ্ছে। পুলিশ কখনও তাদের ডাকাত, আবার কখনও মাদক বিক্রেতা বলছে।

ঘটনার বিবরণে পুলিশ যা বলছে, তা প্রতিক্ষেত্রে প্রায় একইরকম।

সোমবার রাতেও মণিরামপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, দুই দল ডাকাতের ‘গোলাগুলিতে’ তারা নিহত হয়েছেন।

ওই দুইজনের পরিচয় বুধবার সকাল পর্যন্ত জানাতে পারেনি পুলিশ।

পুরনো খবর:

যশোরে গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধার
কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪