গাজীপুরে নারী পোশাক শ্রমিককে গলা কেটে হত্যা
গাজীপুরে এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে দক্ষিণ জরুন এলাকায় এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশের নিহতের লাশ উদ্ধার করেছে।
গাজীপুরের দক্ষিণ জরুন এলাকায় ‘ডেল্টা অ্যাপারেলস লিমিটেড’ কারখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মিতু আক্তার (২৫) ওই কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রোববার রাতে কারখানা চলাকালে ওই নারী শ্রমিককে সিঁড়িতে কে বা কারা গলা কেটে ফেলে রাখে।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোবারক হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষের লোকজন তাকে কোনাবাড়ী শরীফ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতু আক্তারকে মৃত ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মোবারক জানান।
নিহতের সহকর্মীরা জানান, মিতু আক্তারের বাড়ি বরিশাল। তিনি কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। কয়েক মাস আগে মিতু আক্তারের সঙ্গে স্বামীর ছাড়াছাড়ি হয়।
