রংপুরে স্কুল শিক্ষিকা হত্যা: ৬ মাস পর হোতা গ্রেপ্তার
সাড়ে ছয়মাস আগে রংপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে হত্যার সন্দেহভাজন হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক আবু হাসান কবীর জানান, বৃহস্পতিবার রাতে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিকুলকে (২০) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রংপুরের সিদ্দিকুর বিচারিক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সিদ্দিকুর রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের আদর্শপাড়া এলাকার বাসিন্দা।
গত বছরের ২০ ডিসেম্বর পীরগঞ্জ উপজেলার বিরামপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিছ আরা বেগমকে (৫২) হত্যা করা হয়।
বিলকিছ পীরগঞ্জের চতরা এলাকার বাড়িতে স্বামীসহ থাকতেন।
মামলার তদন্ত কর্মকর্তা আবু হাসান কবীর জানান, বিলকিছ আরার বাড়িতে সিদ্দিকুর দুবার চুরি করেছিল। একবার হাতেনাতে ধরা পড়ার পর চার মাস জেল হাজতে আটক ছিল। সেই ক্ষোভ থেকে বিলকিছ আরাকে হত্যার পরিকল্পনা করে সিদ্দিকুর।
সিদ্দিকুরের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিদ্দিকুরসহ চারজন গত বছরের ২০ ডিসেম্বর মাগরিবের নামাজের আগে বিলকিছ আরার বাড়ির পাশে বাগানে অপেক্ষায় থাকে।
“বিলকিছ আরার স্বামী মাগরিবের নামাজে মসজিদে গেলে চারজনই গাছ দিয়ে বাড়ির ছাদে ওঠে সিঁড়ি দিয়ে নেমে একটি ঘরে প্রবেশ করে। তারা ওই ঘরের ওয়ার ড্রোবের ড্রয়ার ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে।
পাশের ঘর থেকে এসে বিলকিছ আরা সিদ্দিকুরকে চিনতে পারে এবং চেঁচানোর চেষ্টা করলে সিদ্দিকুর বিলকিছ আরার গলা চেপে ধরে এবং ঘাড় মটকে হত্যা করে।”
পিবিআই পরিদর্শক আবু হাসান জানান, এ ঘটনায় প্রথমে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়। পরে ৯ জানুয়ারি নিহতের স্বামী আদালতে অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত মামলাটি পীরগঞ্জ থানার ওসিকে নথিভুক্ত করার আদেশ দিয়ে তদন্তের দায়িত্ব দেয় রংপুর পিবিআইকে।
রংপুর পিবিআইয়ের জেলা কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, হোতা সিদ্দিকুরকে গ্রেপ্তারের পর হত্যার রহস্য এবং অন্য হত্যাকারীদের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
তবে তদন্তের স্বার্থে অন্য খুনিদের নাম জানাতে রাজি হননি তিনি।
