শিশু নুর হত্যায় রাজশাহীতে একজনের প্রাণদণ্ড
পাবনার চাটমোহরে চার বছর আগে শিশু আবদুল্লাহ আল নুরকে অপহরণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।
বৃহস্পতিবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।
মৃতুদণ্ডপ্রাপ্ত সোহেল বিশ্বাসের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।
এছাড়া এ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবনপ্রাপ্ত আব্দুস সামাদের বাড়িও একই এলাকায়।
খালাসপ্রাপ্তরা হলেন- করিম হোসেন, আপেল আলী ও বকিরুল।
রায় ঘোষণার সময় সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ২৫ জুন দুপুরে চাটমোহর উপজেলার ছোট শালিখা নতুন বাজার এলাকার আবুল হোসেনের ছেলে নুরকে অপহরণ করে হত্যার পর লাশ টুকরো করা হয়।
এ ঘটনায় আবুল হোসেন পাঁচজনকে আসামি একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সবার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
পরে মামলাটি পাবনা আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
