২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় দুইটি ‘চিতাবাঘ’ উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়ি থেকে দুইটি ‘চিতাবাঘ’ উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 09:39 PM

Updated : 11 Oct 2022, 12:25 PM

বৃহস্পতিবার ভুইঘর রঘুনাথপুর এলাকার অভিযান চালিয়ে খাঁচায়বন্দি বাঘ দুটি উদ্ধারের সময় দুইজনকে আটক করা হয়েছে বলে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ্ জানান।

আটক শওকত ইমরান মিঠু ও আরিফুল ইসলাম বিরল বণ্যপ্রাণী পাচারকারি আন্তর্জাতিক চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

বাঘ দুটি আফ্রিকার একটি দেশ থেকে কার্গো বিমানে করে বাংলাদেশে এনে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে রাখা হয়েছিল বলে র‌্যাবের ভাষ্য।

মেজর আশিক বিল্লাহ্ বলেন, র‌্যাবের একটি দল ভুইঘর রঘুনাথপুর এলাকায় শওকত ইমরান মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে খাঁচায়বন্দি দুটি চিতা বাঘ উদ্ধার করে। এসময় বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য মিঠু ও আরিফুলকে আটক করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারচক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বাঘ দুটি পাচার করার জন্য ৫/৬ দিন আগে আফ্রিকার কোনো একটি দেশ থেকে কার্গো বিমানে কাঠের বিশেষ খাঁচায় করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।”

বাংলাদেশ মূলত পাচারের ট্রানজিট পয়েন্ট উল্লেখ করে এ র‌্যাব কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ রাজধানীর উপকণ্ঠে হওয়ায় তারা এই জায়গাটি বেছে নিয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যে পার্শ্ববতী কোনো একটি দেশে বাঘ দুটি পাচার করত।

উদ্ধারকৃত চিতাবাঘ দুটি পশু সম্পদ অধিদপ্তর ও আদালতের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।