২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় চাচার যাবজ্জীবন

সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আপন চাচাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 05:14 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

সোমবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জিয়াউর রহমান সদর উপজেলার দক্ষিণ তলুইগাছা গ্রামের মৃত রাহাতুল্লাহ সরদারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু জানান।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৮ অক্টোবর ষষ্ঠ শ্রেণির ছাত্রী ভাতিজিকে কদবেল খাওয়ানোর নাম করে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণ করে জিয়াউর। এ ঘটনার দুই দিন পর মেয়েটির মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

অধিকতর তদন্ত শেষে ২০১০ সালের ২ মার্চ আদালতে জিয়াউরের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।