বেহাল মুকসুদপুরের মুনিরকান্দি-জলিরপাড় সড়ক
দীর্ঘদিন সংস্কারহীন থাকায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি-জলিরপাড় সড়কটি বেহাল পড়ে আছে। ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে ১০ গ্রামের মানুষ।
এলাকাবাসী জানায়, গোপালগঞ্জ-১ আসন থেকে তিন বার নির্বাচিত আওয়ামী লীগ এমপি কাজী আব্দুর রশীদ ১৯৭২ সালে নিজ গ্রাম মুনিরকান্দি থেকে জলিড়পাড় পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ সড়কে মাটির কাজ করেন। ১৯৮০ সালে এ সড়কে ইট বসানো হয়। ১৯৮৮ সালে বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হলে একবার সংস্কার করা হয়। এরপর থেকে এ সড়কে আর কোনো কাজ হয়নি।
সাবেক সংসদ সদস্য কাজী আব্দুর রশীদের বড় ছেলে কাজী হারুন অর রশীদ মিরন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তিনি সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন স্থানে চেষ্টা করেও এ সড়কের উন্নয়ন বা সংস্কারে কোনো কাজ করাতে পারেননি বলে জানান।
“দীর্ঘ সময় সংস্কার বা উন্নয়নের অভাবে সড়কটির ইট খুলে পড়েছে। ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করে ঝুঁকি নিয়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন পণ্য পরিবহন ও বাজারজাত করতে আমাদের ১০ গ্রামের কৃষককে দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
সড়কটি সংস্কার করা হলে তারা এ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে জানান।
মুনিকান্দি গ্রামের সাদেক শেখ (৬৫) বলেন, এ সড়কে মুনিরকান্দি বিশ্বাসবাড়ি বোগেরজমি খালের ওপর নির্মিত ফুট ওভার ব্রিজটিরও দুর্দশা বিরাজ করছে।
কাজী হারুন অর রশীদ মিরন বলেন, “সড়কটি সংস্কার ও উন্নয়নের জন্য আমি বর্তমান এমপি মুহাম্মদ ফারুক খানের কাছ থেকে ২০১৭ সালের জানুয়ারিতে ডিও লেটার নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে জমা নেই। তারপর দীর্ঘ সময় কেটেছে। অজ্ঞাত করণে এ সড়কের কাজ করা সম্ভব হয়নি। অযত্ন আর অবহেলায় সড়কটি চালাচলে অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।
“সড়কটির দ্রুত সংস্কার ও উন্নয়ন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।”
মুকসুদপুর উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক বলেন, বিদেশি দাতা সংস্থার অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে এ সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। ইতিমধ্যে সব ধরনের কাজ সম্পন্ন হয়েছে। অচিরেই এ কাজের দরপত্র আহবান করা হবে।
