জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ভ্যানচালকের লাশ
সাভারে জাতীয় স্মৃতিসৌধের সীমানা প্রাচীরের ভেতরে কচুক্ষেত এলাকা থেকে এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, কচুক্ষেতের ওই এলাকাটি স্মৃতিসৌধের মূল স্তম্ভ থেকে এক কিলোমিটারের বেশি দূরে দক্ষিণ-পশ্চিম দিকে। প্রায় নির্জন ওই এলাকায় তাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।
আশুলিয়া থানার এসআই মো. ছোটন মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত নয়ন মিয়া (২৮) যশোরের ঝিকরগাছা থানার গনি মিয়ার ছেলে। আশুলিয়ার কুরগাঁও এলাকায় সপরিবার ভাড়া বাসায় বাস থেকে ভ্যান চালাতেন।
এসআই ছোটন পরিবারের বরাতে বলেন, নয়ন বৃহস্পতিবার রাত ২টার দিকে কাজের কথা বলে ঘর থেকে বের হন। তারপর পরিবার তার খোঁজ পাচ্ছিল না। সকালে পরিবারের লোকজন লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুনি তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে এনে ফেলে গেছে। তার মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। মাথা কাদামাটির মধ্যে চাপা দেওয়া অবস্থায় ছিল।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
