২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় ঈদের আগে বাড়তি ৪ ফেরি

ঈদযাত্রায় পদ্মা পারাপারে স্বস্তি আনতে শিমুলিয়ায়-কাঁঠালবাড়ি নৌপথে চারটি বাড়তি ফেরি যুক্ত হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফারহানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 01:26 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

এছাড়া পুলিশ ও জেলা প্রশাসন নিয়েছে বিশেষ প্রস্তুতি।

বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ বলেন, ইতোমধ্যেই ১৬টি ফেরি সচল করা হয়েছে। সচরাচর এর চেয়ে কম সংখ্যাক ফেরি চালু থাকে। আর ঈদের আগে এর সঙ্গে যোগ হবে আরও চারটি ফেরি।

এছাড়া এ বছর নাব্য সংকট কম থাকায় শিমুলিয়ায় এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে তিনি মনে করেন।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ এই ঘাট দিয়ে ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ করে।

গত বছর ঈদের আগে এই ঘাটে যাত্রীদের ১৫ ঘণ্টা পর্যন্ত বসে থাকতে হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বিকল্প পথে যেতে বলে; যা ছিল আরও কঠিন।

খালেদ বলেন, “এবার নাব্য সঙ্কটে সার্ভিস ব্যাহত হবার আশঙ্কা কম। লৌহজং টার্নিয়ে অল্প কিছু জায়গায় পলি পড়েছে। সেখানে ড্রেজিং চলছে। তাই এবার অন্য যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে যাত্রীরা পারাপার হতে পারবেন বলে আশা করছি।”

এছাড়া ৮৭টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট সচল রয়েছে বলে তিনি জানান।

ঈদযাত্রায় ঘাট ব্যবস্থাপনা ও নিরাপত্তায় পুলিশ ও জেলা প্রশাসনও শিমুলিয়ায় বিশেষ প্রস্তুতি নিয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ছয় শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। এই দলে পুলিশের সঙ্গে থাকবে র‌্যাব, আনসার ও কোস্টগার্ড।

“সিসি ক্যামেরাসহ থাকছে তিন স্তরের নিরাপত্তা ববস্থা। অতিরিক্ত যাত্রী বোঝাই করতে দেওয়া হবে না। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মলম পার্টি বা দুর্বৃত্তদের ধরতে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশসহ তিন স্তবেরর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেওয়া হবে না।”

আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ট্রাক চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে সারাক্ষণ। ট্রাকগুলো কুচিয়ামোড়া, ছনবাড়ি, খানবাড়ি  ও মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদ মাঠে ঠেকিয়ে দেওয়া হবে। যাত্রীর চাপ কমলে রাতে ট্রাক পার করা হবে।

“স্পিডবোটগুলোকে নাম্বারিং করা হবে। আর এর চালকদের নির্দিষ্ট অ্যাপ্রোন ব্যবহার করা বাধ্যতামূলক। যাত্রীদেরও লাইফ জ্যাকেট পরতে হবে।”