কালিয়াকৈরে গ্যাসের আগুনে বাবা-ছেলেসহ দগ্ধ ৪
গাজীপুরের কালিয়াকৈর গ্যাসের আগুনে বাবা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছে।
বুধবার উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সাইদুল ইসলামের বাসায় গ্যাস সিলিন্ডার ঠিক করার সময় আগুন ধরে গেলে তারা দগ্ধ হন বলে জানান কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
দগ্ধরা হলেন গ্যাস সিলিন্ডার মিস্ত্রি ভবতোষ সাহা (৫০), মনির হোসেন (৩৫), রাশেদুল ইসলাম (৩০) এবং তার ছেলে রাফি (৫)।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি রফিকুল বলেন, সাইদুর রহমানের বাড়ির তিন তলার ভাড়াটিয়া রাশেদুল ইসলামের বাসার গ্যাস সিলিন্ডারের প্লাস্টিক পাইপ ছিদ্র হয়ে কয়েকদিন ধরে গ্যাস বের হচ্ছিল। এতে পুরো ঘরে গ্যাসের একটা গন্ধ থাকত।
“বুধবার দুপরে তা ঠিক করার জন্য ভবতোষ ও মনিরকে ডেকে আনেন রাশেদুল। পরে দুই মিস্ত্রি গ্যাসের চুলার সঙ্গে এলপি গ্যাস সিলিন্ডার সংযোগ করে আগুন জ্বালালে বিকট শব্দ করে পুরো ঘরে আগুন ধরে যায়।”
শব্দ পেয়ে আশপাশের কক্ষের লোকজন এসে দরজা ভেঙে রাশেদুল, ছেলে রাফি, মিস্ত্রি ভবতোষ এবং মনিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে।
