এজলাস থেকে পালিয়ে গেলেন হত্যা মামলার আসামি
ফরিদপুরে আদালতের এজলাস থেকে পুলিশের জিম্মায় থাকা হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন।
পলাতক ফরিদ শেখ (২৬) জেলা শহরের গুহ লক্ষ্মীপুর মহল্লার মো. ইসাহাক শেখের ছেলে।
ফরিদপুর পুলিশের আদালত পরিদর্শক নাজনীন বেগম বলেন, মামলা শুনানির জন্য মঙ্গলবার সকালে তাকে আদালতে নেওয়া হয়। ফরিদসহ পাঁচ আসামি ছিলেন প্রথম জজ আদালতের এজলাসে। এসআই জিল্লুর রহমানের নেতৃত্বে পাঁচ আসামির দায়িত্বে ছিলেন কনস্টেবল রবিউল।
“বেলা পৌনে ১২টার দিকে এসআই জিল্লুর অন্য একটি এজলাসে থাকা আসামিদের দেখতে যান। এ সময় শুনানি শেষ হলে এজলাসের মধ্যে কনস্টেবল রবিউলের চোখ ফাঁকি দিয়ে ফরিদ কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।”
২০১১ সালের এক মামলায় ফরিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ওই বছর ১৫ অগাস্ট রাসেল নামে এক চালককে হত্যা করে ফরিদ তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছেন।
পরিদর্শক নাজনীন বলেন, হত্যাকাণ্ডের দুই দিন পর তাকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করে কারগারে পাঠায় পুলিশ। সেই থেকে ফরিদ জেলা কারাগারে ছিলেন।
