ফরিদপুরে সড়কে ঝরল ৩ শিক্ষার্থীর প্রাণ
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে গরিয়াদহ এবং বিকালে ঘোপঘাট এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানার এস আই সাজ্জাদ হোসেন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট এলাকায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল আরোহী লিমন (১৮) ও সাব্বিরকে (১৭) চাপা দেয় একটি ইটের খোয়া বোঝাই ট্রাক।
“এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে বলে জানান সাজ্জাদ।
এদিকে, দুপুরে গড়াই সেতু সংলগ্ন গড়িয়াদহ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় স্কুলছাত্র কাদের মোল্লার (১৪) মৃত্যু হয়।
কাদের মোল্লা ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওহিদুল মোল্লার ছেলে।
“বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গরিয়াদহে রাস্তা পার হওয়ার সময় মাগুরাগামী বনফুল নামের যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ওমর ফারুক মিয়া জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
