নোয়াখালীতে অপহরণের ২ দিন পর তরুণের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় অপহরণের দুই দিন পর এক তরুণের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, শুক্রবার সকালে নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে মেঘনার তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ বাতানিয়া (২৭) উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচরের জামাল উদ্দিনের ছেলে।
আরিফ কোস্টগার্ডের সোর্স ছিলেন বলে কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল বলেন, “বুধবার সন্ধ্যায় আরিফ, দিদার ও ফয়সাল নামে তিন তরুণ মেঘনায় নৌকায় করে ঘুরতে যান। জলদস্যু আলাউদ্দিন বাহিনীর লোকজন তাদের নদী থেকে অপহরণ করে।”
আরিফ কোস্টগার্ডের সোর্স ছিলেন কিনা সে বিষয়ে তিনি বলেন, অফিসিয়ালি তাদের কোনো বেসরকারি সোর্স নেই।
পুলিশ ও কোস্টগার্ড তাদের উদ্ধারের জন্য দুই দিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে জানিয়ে তিনি বলেন, অপহৃত অন্য দুইজনকে এখনও উদ্ধার করা যায়নি। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
