বৃষ্টি হলেই গাজীপুরের মহাসড়কে পানি, যানজট
বৃহস্পতিবার ভোর থেকে কয়েক ঘণ্টার বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। থেকে থেকে জট লাগছে কোথাও কোথাও।
জেলার ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক সালেহ উদ্দিন আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া চৌধুরী বাড়ি, বাসন সড়ক, সাইনবোর্ড মালেকের বাড়ি, বোর্ডবাজারের বড়বাড়ি ও তারগাছ এলাকায় পানি জমে গেছে।
পানিতে ওই সব পথে কোনো যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না। ওয়ান ওয়েতে ধীরে চলতে হচ্ছে কোথাও কোথাও। এতে জট লাগছে।
সালেহ উদ্দিন বলেন, পানি সরে গেলে সমস্যা কমে যাবে। তবে বৃষ্টি আরও হলে ভয়াবহ যানজট হবে। ওই মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলায় ড্রেনেজ ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ কারণে বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না।
“টঙ্গী কলেজ গেইট থেকে ভোগড়া বাইপাস মোড় পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি পানিতে তলিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে রাস্তার পানি বাসের ভেতরেও ঢুকে পড়েছে।”
এছাড়া জেলার গুরুত্বপূর্ণ এলাকা চান্দনা-চৌরাস্তা মোড়ের পূর্ব পাশে প্রায় সিকি কিলো এলাকাজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অল্প চান্দনা-চৌরাস্তা মোড়ের পশ্চিম পাশেও মহাসড়কে পানি জমেছে। এতে ওই পথে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যানজট হচ্ছে।
গাজীপুর সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী মো. নাহিন রেজা বলেন, রাস্তায় বিআরটি প্রকল্পের কাজ চলছে। তারাই এখন রাস্তাটি সংস্কারসহ বিভিন্ন সাইট দেখভাল করছেন।
সড়ক ভবন চত্বরে পানি জমার কারণ হিসেবে তিনি বলেন, সামনে কোনো নালা না থাকায় এবং ঢাকা-গাজীপুর রাস্তাটি উঁচু হওয়ায় পানি ঢুকে পড়ছে।
এ বিষয়ে বিআরটি প্রকল্পের পিএম মোমিনুল ইসলাম মৃধার কাছে মহাসড়কে পানি জমার কারণ জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
