গোপালগঞ্জে জিপ চাপায় গৃহবধূ নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জিপ চাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোনাপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান।
নিহত রিজিয়া বেগম (৪০) কাশিয়ানীর চরচাপ্তা গ্রামের ইলু মিয়ার স্ত্রী।
আহত একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি আজিজুর বলেন, রিজিয়া একটি ভ্যানে করে ঘোনাপাড়া থেকে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। পথে একটি জিপ ভ্যানটিকে চাপা দিলে রিজিয়া ও ভ্যানচালক আহত হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রিজিয়ার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
