বিএনপি মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করছে: হানিফ
চলমান মাদকবিরোধী অভিযানের সমালোচনা করে বিএনপি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দিচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
কুষ্টিয়ায় শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।
“এ নিয়ে যখন জনমনে স্বস্তি ফিরছে সেই সময় বিএনপির পক্ষ থেকে দেওয়া বক্তব্য মূলত মাদক ব্যবসায়ীদের উৎসাহিত করছে। বিএনপি কখনও এই দেশের ও মানুষে মঙ্গল চায় না; সেটা আবারও প্রমাণ হলো।”
বিএনপির বক্তব্য মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়ার কৌশল ছাড়া আর কিছুই নয় উল্লেখ করে দেশের স্বার্থে মাদক নিয়ে বিএনপিকে রাজনীতি না করার অনুরোধ জানান তিনি।
দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাসে জেলার কেন্দ্রীয় ঈদগাহর উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
“ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক আমাদের মর্যাদা বাড়িয়েছে, সেই বৈঠককেও বিএনপি সহ্য করতে পারছে না, বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা এখনই জানতে চান তারা।”
প্রধানমন্ত্রী সফর থেকে ফিরে আলোচনা সম্পর্কে বরাবরের মতো এবারও নিশ্চয় জাতির কাছে তুলে ধরবেন বলে জানান হানিফ।
এ সময় দলের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, তথ্য গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, শহর সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মী ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
