রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১১
রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযানের সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান।
মহানগর পুলিশের হাতে গ্রেপ্তার ৬০ জনের মধ্যে ১৮ জন পরোয়ানাভুক্ত আসামি, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, জেলা পুলিশের আট থানা বিশেষ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে।
এ সময় ১৫৫ ইয়াবা, ৩০০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
