২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের ভাষা শহীদদের স্মরণ

আসামের শিলচরে ৫৮ বছর আগে ভাষার জন্য প্রাণ বিসর্জনকারীদের স্মরণ অনুষ্ঠান হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2018, 11:19 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

শনিবার তাদের স্মরণে শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধানুষ্ঠান আয়োজন করে তিতাস আবৃতি সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মায়ের ভাষা বাংলার রক্ষায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক বাঙালি তরুণ।

মহান একুশের প্রেরণায় ১৯৬১ সালের ১৯ মে ভারতের আসামের বরাক উপত্যকায় শিলচরে কমলা ভট্টাচার্যসহ ১১ জন জীবন দিয়েছিলেন মাতৃভাষার জন্য।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা লেখক ও সাংবাদিক জ্যোতির্ময় রায়, ভারতীয় আবৃতি শিল্পী নীলোৎপল ও নির্ঝর পাল।

গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাতের সভাপতিত্বে এবং বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংঙ্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃতি শিল্পী হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।