সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ শহরে নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার বি এ কলেজ রোডের অ্যাডভোকেট কর্নারের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান।
নিহতরা হলেন সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের আয়নাল হকের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও মোজাম আলীর ছেলে বেলাল হোসেন (৩২)।
ওসি বলেন, অ্যাডভোকেট কর্নারে আরিফুল, এমদাদুল হক ও আব্দুল কুদ্দুস নামের তিন ব্যাংকারের নির্মাণাধীন ভবনের ৬ষ্ঠ তলার দেওয়ালে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা।
“দেওয়ালের সঙ্গে টাঙানো রশি ছিঁড়ে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান জহুরুল। বেলালকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে বগুড়া নেওয়ার পথে বেলালের মৃত্যু হয়।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।
