বড়পুকুরিয়ায় খনি শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর সংঘর্ষ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মবিরতিতে থাকা অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
এ নিয়ে অস্থায়ী শ্রমিক-কর্মচারী এবং কর্মকর্তা-কর্মচারীরা হামলার পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
নিয়োগ স্থায়ীকরণ, বকেয়া বেতন-ভাতা প্রদান ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি করছেন এ খনিতে অস্থায়ী নিয়োগে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার ছিল কর্মবিরতির তৃতীয় দিন।
আহতরা হলেন খনির সহকারী ব্যবস্থাপক সাজিউল ইসলাম সাজু, পুলিশ কনস্টেবল শাহিন, শ্রমিক খোরশেদ, রাকিব, এনামুল হক, আলম ও কয়লা ব্যবসায়ী মোস্তফা।
আহতদের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা কর্মবিরতির তৃতীয় দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার দিকে খনি গেটে অবস্থানকালে খনির কয়েকজন নিয়মিত কর্মকর্তা-কর্মচারী লাঠিসোঁঠা নিয়ে তাদের শ্রমিকদের মারধর করে।
এদিকে, আহত খনি কর্মকর্তা সাজিউল ইসলাম সাজুর অভিযোগ, শ্রমিকরা তাদের খনিতে প্রবেশে বাধা দেয় এবং মারধর করে। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ বেধে গেলে কয়েকজন আহত হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি হাবিবুল আলম প্রধান জানান, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের তত্ত্বাবধানে খনি গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো চুক্তি অনুযায়ী সকল শ্রমিকদের নিয়োগ প্রদান, প্রতি বছর ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, সকল শ্রমিকদের ক্ষেত্রে গ্রাচুইটি প্রদান, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘণ্টা ডিউটি করানো, ক্ষতিগ্রস্ত ২০টি গ্রামের বাড়ি-ঘরের দ্রুত স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক পরিবার থেকে খনিতে চাকরি প্রদান।
