সাতক্ষীরায় জামায়াতের ৯ নেতাকর্মী আটক
সাতক্ষীরায় গোপন থেকে উগ্র মতবাদের বই ও পেট্রোল বোমাসহ জামায়াত ইসলামীর নয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের ইটাগাছা ও পলাশপোল মধুমোল্লারডাঙ্গি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর জুলফিকার আলী জানান।
এরা হলেন- জামায়াতে ইসলামীর সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি ওবায়দুল্লাহ মোল্লা (৫০), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৩২), শহরের ইটাগাছার আব্দুল কাদেরের ছেলে মেহেরুল্লাহ (৪৫), পৌর নম্বর ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই সিদ্দিকি (৩৮), ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য এসএম হায়দার আলী (৫৫), কামালনগর ৮ নম্বর য়ার্ড শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান (২২), শিবির কর্মী মোখলেছুর রহমান (৩০), সদর উপজেলার ঘোনা ইউনিয়ন শিবিরের কর্মী রাসেল ইকবাল (২৮) ও সাতক্ষীরা পৌরসভার রইচপুরের শিবির কর্মী মো.আল আমিন (২০)।
ইন্সপেক্টর জুলফিকার বলেন, গোপনে খবর পেয়ে পৃথক অভিযান চালিয়ে জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
