হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন।
মঙ্গলবার সকালে উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শ্যামল কুমার সাহা (৪০), নরসিংদীর রায়পুরা উপজেলার ফরহাদ মিয়া (৫০), সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুর রহমান (৪২) ও সাতক্ষীরার সেলিম রেজা (৪৫)।
আহতদের মধ্যে হাফিজুর রহমান (৩২), বুলবুল আহমেদ (৩৬), সারোয়ার জাহান (৩০), জামাল উদ্দিন (৩২), রবিউল ইসলাম (২৮) ও কাশেম মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ওসি জসিম উদ্দিন বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।
