ফরিদপুরে ৫শ দারিদ্র পেল বিনামূল্যে চোখের চিকিৎসা
ফরিদপুরের বোয়ালমারীতে একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়েছে।
সোমবার উপজেলা সদরে জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন ‘কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।
ফাউন্ডেশনের কর্মকর্তা শেখ শহীদুল ইসলাম জানান, এই ক্যাম্পে চক্ষু রোগীর প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে প্রতি রোগীকে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে।
“গুরুত্ব অনুযায়ী কাউকে কাউকে বিনামূল্যে লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এই সংগঠন।”
ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর মেয়র মোজ্জাফর হোসেন বাবলু মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রশিদ, আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম ছরোয়ার মৃধা, সাবকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমার বাশার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়া, চক্ষু চিকিৎসক রাহাত আনোয়ার প্রমুখ।
এই সংস্থা এর আগে আলফাডাঙ্গা ও মধুখালীতেও একইভাবে চোখের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে।
