বৈরী আবহাওয়ায় ফসল তুলতে কষ্ট হচ্ছে: রাষ্ট্রপতি
গত বছর আগাম বন্যায় হাওরে ফসলের ব্যাপক ক্ষতির প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এ বছরও ঘরে ফসল তুলতে হাওরের মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে।
শুক্রবারে বেলা ২টার দিকে কিশোরগঞ্জের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি তার নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে বলেন, “হাওরে এ বছর বাম্পার ফলন হয়েছে। কিন্তু গত ১০-১২ দিন ধরে টানা বৃষ্টি আর মাঝেমধ্যে ঝড়-বজ্রপাতে হাওরের মানুষ ফসল ঘরে তুলতে খুব কষ্ট করছে।”
হাওরে বজ্রপাতে বহু মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়।”
রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে একদিনের সফরে এসেছিলেন। বেলা ১২টার দিকে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে রিকশায় করে উপজেলা পরিষদ ডাকবাংলোয় যান। কিছুক্ষণ বিশ্রামের পর সেখান থেকে তিনি আবার রিকশায় করে স্থানীয় বাজার ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
তারপর বাড়ির মসজিদে জুমার নামাজ আদায় করে বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোসাম্মৎ তমিজা খাতুনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতি আবার হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন।
