ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষে নিহত ৬
ময়মনসিংহের তারাকান্দায় বাসের সঙ্গে সংঘর্ষে বাবা-ছেলেসহ এক অটোরিকশার ছয় আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাকনী বাসস্ট্যান্ড এলাকার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার নাগলা গ্রামের মো. আয়ুব আলী, তার ছেলে করিম মিয়া, ভগ্নিপতি ছলিম উদ্দিন (৩৫), অটোরিকশা চালক একই উপজেলার বাহির শিমুল গ্রামের জালাল উদ্দিনের ছেলে সোনা মিয়া, যাত্রী নাজিম উদ্দিন (২৮) ও মাজহারুল ইসলাম (১৭)।
হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
শহীদুর সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে অটেরিকশাটি ফুলপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবরহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
বাসটিকে পুলিশ আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
