বেনাপোল ৩৪টি সোনার বার জব্দ
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।
শুক্রবার সকালে বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, ভারতে সোনা পাচারের খবরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়।
“এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের চেষ্টা করলে একটি প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যান তিনি। পরে ওই প্যাকেটে তল্লাশি চালিয়ে ৩৪টি স্বর্ণের বার পাওয়া যায়।”
বারগুলোর ওজন তিন কেজি ৯৬০ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক এক কোটি সত্তর লাখ আটাশ হাজার টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
উদ্ধারকৃত স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
