জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ী হত্যায় ৩ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে তিন বছর আগে এক ওষুধ ব্যবসায়ীকে হত্যা মামলায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের তোফাজ্জল হোসেন মোল্লার ছেলে এমরান হোসেন জনি (৩০), সদর উপজেলার সগুনা আমপাড়া গ্রামের ফরিদ হোসেনের ছেলে রবিউল ইসলাম বিল্পব (১৯) এবং জয়পুরহাট পৌর এলাকার পাঁচুরচক গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে শাকিল হোসেন মণ্ডল (২৭)।
আসামিদের মধ্যে শাকিল হোসেন পলাতক রয়েছেন; বাকিরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, জয়পুরহাট শহরের আমতলী এলাকার পদ্মা হাসপাতালের ভবনে একটি ওষুধের দোকান চালাতেন তরিকুল। একবার দোকান থেকে তরিকুলের টাকার ব্যাগ হারিয়ে গেলে এ ঘটনায় এমরান, রবিউল ও শাকিলকে দায়ী করেন তিনি।
এর জেরে ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাতে আসামিরা সবুজনগর এলাকার একটি নার্সারীতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তরিকুলকে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় তরিকুলের বাবা জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলকার আব্দুল কুদ্দুস মণ্ডল ১৯ সেপ্টেম্বর তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ওই বছরের ডিসেম্বর পুলিশ আসামিদের নামে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
