২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে, যার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের মামলা রয়েছে থানায়।  

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 09:43 AM

Updated : 19 Aug 2022, 02:01 PM

নিহত আলতাব হোসেন (৩৮) দৌলতপুরের বোয়ালিয়া ইউনিয়নের বিলবোয়ালিয়া গ্রামের মোশরাফ হোসেনের ছেলে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া কালুরমাঠ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি শাহ দারা খানের ভাষ্য।

তিনি বলেন, ‘একদল সন্ত্রাসী’ পিপুলবাড়িয়া কালুরমাঠে অবস্থান নিয়েছে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। পরিস্থিতি বেগতিক দেখে অন্যরা পালিয়ে যায়।”

পরে গুলিবিদ্ধ আলতাবকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  

তিনি বলেন, “আলতাব থানার তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।”

আলতাবের মরদেহ ময়নাতদন্তের জন্য দৌলতপুর থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওই অভিযানে দৌলতপুর থানার এসআই রাজ্জাক ও এএসআই আরিফসহ তিনজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, এক রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে বলে ওসির ভাষ্য।