ময়মনসিংহে ৬৯ স্কুলে প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব
ময়মনসিংহে সরকারি হওয়া ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে নতুন নিয়োগপ্রাপ্তরা যোগ দিতে পারেননি।
এসব বিদ্যালয়ে পরিচালনা কমিটির নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বিদ্যালয়গুলো সরকারি হওয়ার পর সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত হলেও তারা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপালনের দাবিতে মামলা করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসাইন বলেন, ২০১৩ সালে সরকারি হওয়ার পর এসব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত হন। তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
“এ বছর ২২ মার্চ এ রকম ৫৯২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৬৯টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা দায়িত্ব বুঝিয়ে দেননি। তারা পদে থাকার জন্য মামলা করেছেন।”
তারাকান্দা উপজেলার পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক বিনয়কান্তি সরকার দায়িত্ব বুঝে না পাওয়া শিক্ষকদের একজন।
তিনি বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। এমনকি আমাকে হাজিরা খাতায় সই করতে দেননি। বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।”
মামলা করার কারণ সম্পর্কে হালুয়াঘাট উপজেলার পশ্চিম কুতিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, “এই বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি। এখানে আমিই প্রধান শিক্ষক থাকব। আমি মামলা করেছি। মামলা শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব অন্য কাউকে দেব না।”
এ সমস্যার সমাধান সম্পর্কে শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল বলেন, “এসব বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক হিসেবে পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তারা পদোন্নতির মাধ্যমে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন।
“মামলা করে প্রধান শিক্ষক পদে থাকতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
