সিলেটে পাসের হারে গণিত ও ইংরেজির খারাপ ফলের প্রভাব
এবছর সিলেটে এসএসসি পরীক্ষার পাসের হারে গণিত এবং ইংরেজি বিষয়ে খারাপ ফলাফলের প্রভাব পড়েছে বলে মনে করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী এবার এই বোর্ডে ৭০ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গতবছরের থেকে ৯ দশমিক ৮৪ শতাংশ কম। গতবছর পাসের হার ছিল ৮০ দশমিক ২৬ শতাংশ।
এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় ৫২৮ জন বেশি। গতবার জিপিএ-৫ পায় দুই হাজার ৬৬৩ জন।
পাসের হার কমার কারণ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ বলেন, সাধারণ গণিত ও ইংরেজিতে ফলাফল খারাপ করার কারণে এবার পাসের হার কমেছে।
বিপরীতে জিপিএ-৫ বাড়া প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিবান্ধব পাঠদান চালু হয়েছে। এ কার্যক্রম আবার জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। এটি গুণগত শিক্ষা নিশ্চিত করছে। জিপিএ-৫ বাড়ার পেছনে এটি অন্যতম কারণ।”
সিলেট বোর্ডে এবার এক লাখ ৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৬ হাজার ৭১০ জন।
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা। ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৩৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৯ দশমিক ৭১ শতাংশ।
মোট ৩ হাজার ১৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ছেলে এক হাজার ৭১৮ ও মেয়ে এক হাজার ৪৭৩ জন।
সিলেটের চার জেলায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৩টি। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই।
এবছর সিলেট জেলায় পাসের হার ৭৩ দশমিক ৮০, হবিগঞ্জে ৭০ দশমিক ৩৪, মৌলভীবাজারে ৬৬ দশমিক ৯৯ ও সুনামগঞ্জে ৬৮ দশমিক ৫৩ শতাংশ।
