২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরের গ্রিন সিটি, হাসানের পরিকল্পিত নগর

মে দিবসে ছুটির দিনেও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রচারে ব্যস্ত দিন কাটিয়েছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 08:30 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

ভোটরদের নানা প্রতিশ্রুতি দিয়ে কাছে টানার চেষ্টা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম এলাকাবাসীকে গ্রিন সিটি দেওয়ার আশ্বাস দেন; বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুরকে পরিকল্পিত নগর করার প্রতিশ্রুতি দেন।  

জাহাঙ্গীরের নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক মোহাম্মদ আলম জানান, জাহাঙ্গীর আলম সকাল থেকে ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করে ভোট চান।

১৭ নম্বর ওয়ার্ডের মোগর খাল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে যোগীতলা নতুন বাজার, চান্দনা মধ্যপাড়া, সাধু কাঁচা বাজার, দক্ষিণ তেলিপাড়া, বাড়িয়ালী, টেকনগপাড়া, তেলিপাড়া আশরাফিয়া মাদ্রাসার সামনে, বারবৈকা, দিঘিরচালা ও চান্দনা চৌরাস্তায় পথসভা করেন বলে জানান আলম।

এসব সভায় অন্যান্য প্রতিশ্রুতির সঙ্গে জাহাঙ্গীর গাজীপুরকে একটি ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুত দেন বলে জানান মোহাম্মদ আলম।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. আয়নাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকছেদ আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আসাদুল্লাহ বাদল প্রমুখ মেয়র প্রার্থীর সঙ্গে ছিলেন।

হাসান উদ্দিন সরকার কাশিমপুর এলাকার সুরাবাড়ি রাইসমিল, সারদাগঞ্জ মনি ফ্যাশন, লতিফপুর প্রাইমারি স্কুল, হালিম মার্কেট, ফরচুন প্লাজা, জিরানি বাজার, বারেন্ডা মোল্যা ব্রিকস্ ফিল্ড, সাকের লেন পাড়ায় প্রচার করেন।

তিনি বিজয়ী হলে নাগরিকদের নানা সেবা প্রদান ছাড়াও গাজীপুরকে পরিকল্পিত আধুনিক নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদ্ষ্টো ফরহাদ হালিম ডোনার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাচন সমন্বয় কমিটির আহবায়ক একেএম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা আক্কাছ আলী প্রমুখ তার সঙ্গে ছিলেন।