২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে দলের আরেক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 02:44 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

আহত আলমগীর হোসেন নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

উপজেলার বাংলাবাজার এলাকায় সোমবার রাতে নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল মালতের অনুসারীরা তাকে মারধর করেন বলে অভিযোগ করেন আলমগীর।  

আলমগীরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ঘটনার সময় নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারীকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

আলমগীর বলেন, “সোমবার রাতে আমি ও মনির একটি মোটরসাইকেলে করে বাংলাবাজার থেকে কালিখোলার দিকে যাচ্ছিলাম। পথে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বলের নেতৃত্বে জসিম সিকদার, আকাশ হাওলাদার, রাব্বি মালতসহ কয়েকজন ব্যক্তি আমাদের পথরোধ করে। আমরা বাইক থামালে উজ্জ্বল ও তার লোকজন আমাকে ও মনিরকে এলোপাতাড়ি মারধর করে।”

এ সময় তিনি মোটর সাইকেল নিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে গেলে পড়ে গেলে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে জখম করে বলে জানান তিনি।

আলমগীর বলেন, এ সময় এলাকাবাসী টের পেয়ে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলমগীর ও উজ্জ্বলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানায়।

এ বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল বলেন, “আলমগীর বিভিন্ন সময় আমাকে ও আমার সহকর্মী জসিম সিকদারসহ অনেককে মারধর করেছে। এ কারণে নেতাকর্মীরা তাকে মারধর করেছে বলে আমি শুনেছি। তবে সেসময় আমি ঘটনাস্থলে ছিলাম না।”

নড়িয়া থানার ওসি মো.আসলাম উদ্দিন বলেন, হামলার বিষয় নিয়ে কেউ এখনও থানায় অভিযোগ নিয়ে আসেনি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।