সিরাজদিখানে শিশু ‘হত্যা’, সৎবাবা গ্রেপ্তার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় তিন বছরের শিশুকে হত্যার অভিযোগে তার সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইছাপুরা ইউনিয়নের পূর্ব ইছাপুরা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রোববার সৎবাবা মাধব পালকে গ্রেপ্তার করা হয়।
নিহত অনিক দাস (৩) পূর্ব ইছাপুরা গ্রামের কৃষ্ণ দাস ও অনিতা মণ্ডলের (২২) ছেলে। তার মা অনিতা পরে কৃষ্ণকে ছেড়ে মাধবকে বিয়ে করেন।
অনিতা মণ্ডল সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যায় অনিককে ঘরে রেখে তিনি থালা-বাসন পরিষ্কার করতে যান।
“কিছুক্ষণ পর এসে দেখি ছেলেটিকে তার বাবা মাধব পাল এক হাত ধরে ঝুলিয়ে রেখেছে এবং অনিকের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।”
তিনি বলেন, তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে অনিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেকানে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।
“আমার ছেলে কী অন্যায় করেছিল। ও আমার ছেলেকে মেরে ফেলল।”
সিরাজদিখান থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় শিশুটির প্রকৃত বাবা কৃষ্ণ দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
“হত্যার অভিযোগে শিশুটির সৎ বাবা মাধব পালকে গ্রেপ্তার করা হয়েছে।”
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, চার বছর আগে অনিতার বিয়ে হয়েছিল কৃষ্ণ দাসের সঙ্গে। সেই ঘরের ছেলে এই অনিক। অভাব অনটনের কারণে সেই সংসারটি টিকেনি। আগের স্বামী কৃষ্ণকে কোর্টের মাধ্যমে ছেড়ে মাধব পালকে বিয়ে করেন দেড় বছর আগে।
গত আট মাস ধরে ইছাপুরা শাহ আলমের বাড়িতে তারা ভাড়া থাকছেন।
