২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ২ যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ নগরীতে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 07:26 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

শুক্রবার দুপুরে পাটগুদাম ব্রিজ মোড় এবং মরাখলা রেল ব্রিজ থেকে এ দুই লাশ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানিয়েছেন।

মৃতদের একজন হলেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বঙ্গবাজার গ্রামের জিগৎ আলীর ছেলে সেলিম মিয়া (৩৫)। অপর যুবকের (৩২) পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

ওসি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে নেত্রকোণাগামী রুবি এক্সক্লুসিভ পরিবহনের যাত্রী সেলিম মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

“সেলিম ওই বাসে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। বাসটি ব্রিজ মোড় পৌঁছলে সব যাত্রী বাস থেকে নেমে যান; কিন্তু সেলিম সিটে ঘুমিয়ে ছিলেন।

ওসি বলেন, বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বললেও তার পরিচয় জানাননি তিনি।

ওসি আরও জানান, দুপুর সোয়া ১টার দিকে নগরীর মরাখলা রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

“লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেন থেকে পড়ে গিয়ে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে।”