২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রবাসীর শিশুমেয়েকে ‘গলা টিপে হত্যা’

নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিখোঁজের চার দিন পর এলাকার এক পানির ট্যাংকির ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে; যাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 06:29 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

নিহত আনিছা আক্তার উপজেলার দাউদের গাঁও গ্রামের সৌদি প্রবাসী আনিছুর রহমানের মেয়ে। আনিছা এলাকার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার সকালে উলুকান্দি গ্রামের আব্দুল মালেক মিয়ার নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকি থেকে তারা লাশ উদ্ধার করেন।

“তার জিভ বের হয়ে ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে পানির ট্যাংকিতে লাশ ফেলে পালিয়ে যায় খুনি।”

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আনিছা। খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় তার চাচা আলমগীর হোসেন থানায় জিডি করেন। শুক্রবার সকালে মালেক মিয়ার পানির ট্যাংকি থেকে দুর্গন্ধ আসতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

আনিছার চাচা আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই সৌদি আরব থাকেন। তাদের কোনো শত্রু নেই।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।