২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে ডাকাত বলছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 09:19 AM

Updated : 19 Aug 2022, 01:58 PM

চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর এলাকায় শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে এ গোলাগুলি ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম নুরু সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে।

নুরু তালিকাভূক্ত ডাকাত; তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পরিদর্শক জাফর বলেন, “গণিপুর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে নরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হলে তাদের জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা ।

ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।