নীলফামারীতে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা, সৎবাবা আটক
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শিশুছেলেকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে এক সৎবাবাকে আটক করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, আটক লিটন আহমেদ (২৩) সৎছেলেকে ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ ঢুকিয়ে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন।
লিটন পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী সর্দারপাড়া গ্রামের রাজমিস্ত্রি। দুই বছর বয়সী শিশু আরাফাতের মা দুলালী পারভিনের সঙ্গে লিটনের দুই মাস আগে বিয়ে হয়।
সৈয়দপুর থানার পরির্দশক মো. শাহজাহান পাশা বুধবার সাংবাদিকদের বলেন, লিটন সকালে আরাফাতকে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে শরীরে কীটনাশক প্রয়োগে হত্যার চেষ্টা করেন। এ সময় শিশুর চিৎকারে লোকজন এগিয়ে গেলে লিটন পালিয়ে যান।
আরাফাতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা অশোক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার উদ্দেশ্যে আরাফাতের শরীরে ইনজেকশন সিরিঞ্জের সাহায্যে কীটনাশক প্রয়োগের কথা স্বীকার করেছেন লিটন আহমেদ।”
এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
