২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সাজা শেষে ১৮ তরুণী দেশে

ভালো কাজের লোভে তিন বছর আগে ভারতে পাচার হওয়া ১৮ তরুণীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 11:47 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা সবার বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি তরিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভালো কাজের লোভে অল্প টাকার বিনিময়ে তারা দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। কাজের সন্ধানে মুম্বাই শহরে ঘোরাঘুরির সময় ভারতের পুলিশ তাদের আটক করে।

“অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেয়। পরে মুম্বাই শহরের ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। সাজা শেষে দুই দেশের মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন।”

ফেরত আসা সবাইকে যার যার বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে তিন সংগঠন।

বন্দর থানার পরিদর্শক ফিরোজ আহম্মদ জানান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ১২ জন, রাইটস যশোর চারজন ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা দুইজনের দায়িত্ব নিয়েছে।