পাবনায় বাড়ির ছাদ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
পাবনা পৌর এলাকায় বাড়ির ছাদ থেকে এক সিমেন্ট বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, নিহত হাসান শুভ (২৭) পৌর এলাকার নারায়ণপুর মহল্লার আরশেদ আলমের ছেলে।
শুভর বড় ভাই আইনজীবী সোহেল হাসান বলেন, “শুভ তার সিমেন্টের দোকানের কাজ শেষ করে একটু রাত করে বাড়ি ফেরে। একাই খেয়েদেয়ে ঘুমায়। তবে সোমবার রাতে ফিরেছে কিনা তা বাড়ির কেউ নিশ্চিত করতে পারেনি।
“মঙ্গলবার সকালে তাকে তার ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির ছাদে গলাকাটা লাশ মেলে।”
শুভ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন জানিয়ে তিনি বলেন, পরিবারের চাপে কিছুদিন আগে রাজনীতি ছেড়ে শুভ পুরোপুরি ব্যবসায় মন দেন।
“এতে ক্ষুব্ধ হয়ে কেউ তাকে হত্যা করেছে বলে সন্দেহ হচ্ছে।”
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি ওবাইদুল হক।
