২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশেদের বাড়িতে শোকের মাতম, মা হাসপাতালে

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহতের খবর আসার পর ফেনীর মো. মহিউদ্দিন রাশেদের বাড়িতে চলছে শোকের মাতম; একমাত্র ছেলের মৃত্যুর খবরে স্ট্রোক করে রাশেদের মা ভর্তি হয়েছেন হাসপাতালে। 

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 11:41 AM

Updated : 11 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)জীবিকার তাগিদে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সৌদি আরবে পাড়ি জমান।

আড়াই মাস বেকার থাকার পর বুধবার তার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তার আগের রাতেই হোলাইফা শহর এলাকার এক বাসায় অগ্নিকাণ্ডে রাশেদসহ ছয় বাংলাদেশির মৃত্যু হয়।

Image
দুই সন্তানকে নিয়ে রাশেদের স্ত্রী শিখা মজুমদার এখন গভীর অনিশ্চয়তায়

দুই সন্তানকে নিয়ে রাশেদের স্ত্রী শিখা মজুমদার এখন গভীর অনিশ্চয়তায়

রাশেদের চাচাতো বোন জুবায়রা ইসলাম টুম্পা জানান, ছেলের মৃত্যুর খবর বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন রাশেদের মা  কুলফুরের নেছা। ফেনীর ডায়াবেটিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান,তার স্ট্রোক হয়েছে।

রাশেদের বাবা রফিকুল ইসলাম পক্ষাঘাতে শয্যাশায়ী দীর্ঘদিন ধরে। সৌদি আরবের ওই ঘটনায় গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাশেদের স্ত্রী শিখা মজুমদার আর তাদের তিন সন্তান জিহান (৭), সাফওয়া (৫) ও আলিফসহ পুরো পরিবার। 

রাশেদের শাশুড়ি রীনা মজুমদার বলেন, “পরিবারের সবার মুখে হাসি ফোটাতে সৌদি আরবে গিয়েছিল ও। কিন্তু সব আশা শেষ হয়ে গেল।”

দুই বোন এক ভাইয়ের সংসারে রাশেদ ছিলেন সবার ছোট। একমাত্র ছেলের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়, সেই ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন তার বাবা রফিকুল ইসলাম।

Image
হাইল জেলার হোলাইফা শহরে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিরা

হাইল জেলার হোলাইফা শহরে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিরা

সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহরে বুধবার ভোরে অগ্নিকাণ্ডে নিহত অন্যরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২); চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০) এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের দুই ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)।

ওই বাসার আরেক বাসিন্দা আনিসুর রহমানও আগুনে দগ্ধ হয়েছেন। তাকে হাইলের কিং খালিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।