২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার আন্দোলন উস্কে বিএনপি-জামায়াত: নৌমন্ত্রী

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত কোটা সংস্কারের আন্দোলনকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 11:19 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, বিএনপি-জামায়াত খুনির দল। তাদের হাতে দেশ নিরাপদ নয়।

“তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। ব্যর্থ হয়ে বর্তমানে কোটা সংস্কারের আন্দোলনকে উস্কে দিচ্ছে।” 

জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনে মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। 

বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত করছে; বিভিন্ন ফর্মুলা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ফর্মুলা দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এ নির্বাচন ঠেকানোর কেউ নেই। অবাধ ও সুষ্ঠু ওই নির্বাচনে জনগণ যাদের রায় দেবে তারাই সরকার গঠন করবে। 

বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ কারণেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের আবাসন সংকটসহ সকল সমস্যা সমাধান করবে এই সরকার। 

কাজিপুরের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল সিরাজী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল।

এর আগে তিন মন্ত্রী মুক্তিযুদ্ধে বরইতলী স্মৃতিস্তম্ভ, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ও কুড়িপাড়া মনসুর আলী জামে মসজিদ উদ্বোধন করেন।