কোটা সংস্কার: ময়মনসিংহে ৮ ঘণ্টা পর রেল চালু
কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের মুখে আট ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
বেলা ১১টায় বন্ধ হওয়ার পর সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নিলে আবার চালু হয়।
রেলওয়ের ময়মনসিংহ স্টেশন ইনচার্জ জহিরুল হক বলেন, শিক্ষার্থীদের অবরোধের মুখে সোমবার বেলা ১১টায় ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যেতে পারেনি।
“একই কারণে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি গফরগাঁও ও মহুয়া ট্রেনটি ফাতেমানগর স্টেশনে আটকা পড়ে। এরপর থেকে এই লাইনে রেল যোগাযোগ বন্ধ থাকে। সন্ধ্যা ৭টায় অবরোধ তুলে নিলে আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।”
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রোববার পুলিশ ও ছাত্রলীগের হামলার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের রেললাইনের ওপর দাঁড়িয়ে, বসে থাকতে দেখা গেছে।
শিক্ষার্থী নাঈমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান ৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার জন্য আন্দোলন করছি।”
