খালেদার চিকিৎসা মেডিকেল বোর্ডের পরামর্শে: ওবায়দুল কাদের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার নোযাখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে তার মায়ের চেহলাম ও মিলাদ অনুষ্টানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, খালেদা জিয়ার কারাবাস, দণ্ড সবকিছুই আদালতের সিদ্ধান্তে হয়েছে। তার চিকিৎসার ব্যাপারে যা হচ্ছে সেটা হচ্ছে জেল কোড অনুযায়ী।
“অসুস্থতার ধরন দেখে চিকিৎসকরা যে সিদ্ধান্ত নিয়েছেন কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে ঠিক সেভাবেই তার চিকিৎসার ব্যবস্থা হবে। এখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।”
কাদের বলেন, এখন তাকে মেডিকেলে আনা হয়েছে; সেটাও চিকিৎসকদের সিদ্ধান্তে এবং করা কর্তৃপক্ষের অনুমতিক্রমে।
শনিবার খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।কারাবন্দি সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য একটি মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল, সেই বোর্ড কারাগারে দেখে আসার পর তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে খালেদা জিয়াকে তার পছন্দের চিকিৎসকরা দেখেছেন।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি তার নিঃশর্ত মুক্তি চাচ্ছে। নিঃশর্ত মুক্তি দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। কারণ তাকে দণ্ড দিয়েছে আদালত, আমরা কীভাবে করে মুক্তি দিব।”
নির্বাচন ইস্যুতে বিএনপির শর্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, “কোনো শর্তই এই মুহূর্তে মেনে নেওয়ার সুযোগ নেই। সংবিধানের বাইরে আমরা কিছুই করতে পারব না। নির্বাচনের পথরেখা সংবিধানেই আছে। সংবিধানই পথ দেখাবে।”
নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপি আসবে কি আসবে না এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। এটা তাদের অধিকার। এখানে সরকার তাদেরকে জোর করে আনার বা সুযোগ করে দেওয়ার কিছু নেই বলে মনে করেন সেতুমন্ত্রী।
চেহলাম ও মিলাদ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সহ-সভাপতি মোরশেদ আলম, জেলা প্রশসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়রর আবদুল কাদের মির্জাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসা (৯২) গত ২৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
