কক্সবাজারে ২১ হাজার ইয়াবা উদ্ধার, নারী আটক
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে সাড়ে একুশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক নারীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার দুপুর ও সন্ধ্যায় পৃথক এ দুটি অভিযান চালানো হয় বলে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী।
আটক লাকি শর্মা (৩৩) টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার প্রভাষ কান্তি দাসের স্ত্রী।
আছাদুদ-জামান বলেন, দুপুরে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) বিজিবির দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
“এ সময় এক নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২৯ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”
ইয়াবাগুলোর মূল্য ৩০ লাখ ৮ হাজার ৭০০ টাকা বলে তিনি জানান।
এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
তবে এসময় বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
অছাদুদ-জামান বলেন, কক্সবাজারগামী একটি বাস হোয়াইক্যং চেকপোস্টে এলে থামিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় বাসটির চালক ও সহকারী পালিয়ে যায়।
“তল্লাশিতে সিটের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১১ হাজার ৪১২টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবাগুলোর মূল্য ৩০ লাখ টাকা।”
এ ঘটনায় বাসটির পলাতক চালক ও সহকারীকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান আছাদুদ-জামান।
