রাজশাহীতে সার্জেন্টকে ট্রাক শ্রমিকদের পিটুনি
মহাসড়কে কাগজপত্র তল্লাশির নামে হয়রানির অভিযোগ তুলে রাজশাহীতে পুলিশের এক সার্জেন্টকে পিটিয়েছে ট্রাক শ্রমিকরা।
শুক্রবার বিকালে নগরীর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনার পর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এ সময় তারা সার্জেন্ট রবিউল ইসলামকে প্রত্যাহারের দাবি জানান। পরে পুলিশের কর্মকর্তা ও শ্রমিক নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং অবরোধ সরিয়ে দেন।
রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের পরিদর্শক মোফাখ্খারুল আলম বলেন, বিকাল ৫টার দিকে নগরীর আমচত্বর হয়ে বাইপাস সড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ট্রাকের গতিরোধ করে সার্জেন্ট রবিউল ইসলাম কাগজপত্র দেখতে চান।
“কিন্তু চালক কাগজপত্র দেখাতে রাজি হননি। এ নিয়ে রবিউলের সঙ্গে ওই চালকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাক চালক আবুল কালাম আজদ ও কয়েকজন শ্রমিক সার্জেন্ট রবিউলকে লাঞ্ছিত করে।”
পরিদর্শক মোফাখ্খারুল আরও বলেন, এ ঘটনার পর ট্রাক শ্রমিকরা রাস্তার উপর এলোপাথাড়ি গাড়ি রেখে মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা রবিউলকে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এতে ওই মহাসড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশের কর্মকর্তা ও শ্রমিক নেতারা গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে অবরোধ সরিয়ে দেওয়া হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, ট্রাক ড্রাইভার আবুল কালাম আজাদ একজন শ্রমিক নেতা। কাগজপত্র বের করতে দেরি হওয়ায় সার্জেন্ট রবিউল তাকে গালি দেন।
“এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ট্রাক চালক আমাকে ফোন করার জন্য মোবাইল বের করেন। এ সময় সার্জেন্ট রবিউল মোবাইল কেড়ে নিয়ে শার্টের কলার ধরে ট্রাক থেকে টেনে হিঁচড়ে নামায়।”
এতে ক্ষুদ্ধ হয়ে শ্রমিকরা সার্জেন্ট রবিউলকে লাঞ্ছিত করে বলে কামালের ভাষ্য।
