২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১৪ দোকান ভস্মীভূত

ভোলার লালমোহন উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত আট জন আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2018, 07:09 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে লালমোহন ফায়ার সার্ভিসের ইনর্চাজ সেলিম হোসেন জানান।

সেলিম হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে গাজারিয়া বাজারে একটি জ্বালানির দোকান থেকে মোবাইল চার্জার বিস্ফোরণে আগুন ধরে। ওই সময় ব্যবসায়ীরা মসজিদে নামাজ আদায় করছিলেন। অল্প সময়ের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে লালমোহন ও চরফ্যাশনের ফায়ার সার্ভিস গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বসত ঘর পুড়ে গেছে।”

প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবের বরাত দিয়ে তিনি জানান।

সেলিম আরও জানান, আগুন নেভাতে গিয়ে আশরাফুল ইসলাম, আব্দুল হান্নাসহ অন্তত আট জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি ও লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।